ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

আ. লীগের সম্মেলনে আসার পথে আহত বজলুল মারা গেলেন

শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  বজলুল হক মাদারীপুর শিবচরের ভদ্রাসন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ভদ্রাসন ইউনিয়ন চেয়ারম্যান আ. রহিম ব্যাপারী বজলুল হকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বজলুল হকের বাড়ি ইউনিয়নের রজবআলী মোল্লাকান্দি গ্রামে। অবিবাহিত বজলুলের বাবা মৃত আ. মান্নান ব্যাপারী।


ইউনিয়নের চেয়ারম্যান রহিম ব্যাপারী জানান, তারা কয়েকটি গাড়িতে করে শিবচর থেকে ঢাকায় আসছিলেন আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে যোগ দিতে। প্রাইভেটকারটিতে চালকসহ ছিলেন পাঁচজন। সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-মাওয়া সড়কে ধলেশ্বরী নদীর টোলপ্লাজায় টোল দেয়ার সময় পেছন থেকে আনন্দ পরিবহনের একটি বাস এসে প্রাইভেটকারকে চাপা দেয়। প্রাইভেটকারের ৫ যাত্রীসহ ৭ জন আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।


আহত অন্যরা হলেন- ভদ্রাসন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রাইভেটকার মালিক আবুল মাতবর (৩৫), বিপ্লব পাল (২৬), গৌর চক্রবর্তী (২৫), প্রাইভেটকারের চালক মুসলিম (৩৭), বাস যাত্রী সুমন (৪৭) ও ধলু খাঁ (৫০)।


টোল প্লাজার প্রশাসনিক ব্যবস্থাপক শাহ আলম সাদি জানান, টোল প্লাজায় একটি প্রাইভেটকার টোল দিচ্ছিল। এ সময় আনন্দ পরিবহনের বাসটি দ্রুতগতিতে এসে প্রাইভেটকারকে চাপা দেয়। এতে প্রাইভেটকারের চালক এবং ৪ যাত্রী আহত হন। আর বাসের দরজায় দাঁড়িয়ে থাকা সুমন এবং আরও একজন আহত হন।


ঢামের হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, সুমনের বাম পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। বজলুল হকের অবস্থা আশঙ্কাজনক ছিল। সন্ধ্যায় তাকে ঢাকা মেডিকেল থেকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑